পৃথিবীর এই সব ছবি কি চন্দ্রযান-২ থেকে তোলা?
ভুয়ো দাবি-সহ একগুচ্ছ ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
ভারতের হাই প্রোফাইল চন্দ্রাভিযান সফল হয়েছে গত ২২ জুলাই। চাঁদের দিকে উড়ে গিয়েছে চন্দ্রযান ২। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে একগুচ্ছ ছবি। স্পষ্টই বোঝা যাচ্ছে সেগুলি অন্তরীক্ষ থেকে তোলা পৃথিবীর ছবি। দাবি, সদ্য রওনা হওয়া চন্দ্রযান ২ থেকে পাঠানো হয়েছে ওই ছবিগুলি।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) ছবিগুলি খতিয়ে দেখে যে, ওই দাবি একেবারেই ভুয়ো। এখনও পর্যন্ত চন্দ্রযান ২ থেকে পৃথিবীর কোনও ছবি তোলা বা পাঠানো হয়নি।
বিপ্লব সেনগুপ্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী কয়েকটি ছবি আপলোড করে দাবি করেন, "চন্দ্রযান-২ থেকে পাঠানো পৃথিবীর বাইরের কিছু ছবি...''

পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে দেখতে পারেন।
কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে একের পর এক শেয়ার হতে থাকে ছবিগুলি।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এর তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার, ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার স্পেস সেন্টার থেকে উড়ে যাওয়ার পর গত শুক্রবার, ২৬ জুলাই সকালে সফল ভাবে দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করতে পেরেছে চন্দ্রযান ২। এর পরেও বেশ কয়েকবার কক্ষপথ পালটে চাঁদের কাছাকাছি পৌঁছবে এই মহাকাশযান। সব হিসেব ঠিক থাকলে ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে। উপরন্তু, চন্দ্রযান ২-এর আসল উদ্দেশ্য চাঁদ থেকে পৃথিবীর ছবি তোলা নয়, গবেষণার জন্য চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি যাওয়া।
আফওয়া তদন্ত করে দেখেছে, ছবিগুলির মধ্যে প্রথম ছবিটি অন্য একটি অ্যাঙ্গেল থেকে ক্রপ করে পোস্ট করা হয়েছে। পুরো ছবিটি দেখা যাবে ফ্লিকার ডট কম ওয়েবসাইটে। সেখানে ছবিটির ক্রেডিট হিসেবে লেখা রয়েছে – নাসা/গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার সায়েন্টিফিক ভিশ্যুয়ালাইজেশন ষ্টুডিও দ্য ব্লু মার্বল – রেটো স্টোকলির সৌজন্যে প্রাপ্ত (NASA/GSFC)। এটি ২০০৫ সালে তোলা পৃথিবীর দুই মেরু অঞ্চলের ছবি।
দ্বিতীয় ছবিটি শাটারস্টক ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওর স্ক্রিনশট। তাতে লেখা ছিল “সকালের পৃথিবীর ওপর দিয়ে একটি উড়ান।“
তৃতীয় ছবিটি নাসা-র আন্তর্জাতিক স্পেস স্টেশন (ISS) থেকে তোলা রাশিয়ার কুরিল দ্বীপের সারিচেভ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি। যে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ছবিতে দেখা যাচ্ছে সেটি আগ্নেয়গিরি থেকে বেরনো।
চতুর্থ ছবিটির রিভার্স সার্চ করে দেখা যায় সেটিও শাটারস্টক থেকে নেওয়া। চিত্রগ্রাহকের নাম এলান উস্টার। ক্যাপশন বলছে এটি পৃথিবীতে সূর্যোদয়ের মুহূর্তে আকাশে চাঁদের ছবি।
পঞ্চম ছবিটি ২০১৪ সাল থেকে ইন্টারনেটে ঘুরছে। একাধিক ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় বহুবার এটি পোস্ট করা হয়েছে। যদিও কোথা থেকে এটি নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।
ষষ্ঠ ছবিটি দু বছর আগে থেকেই পিন্টারেস্ট-এ রয়েছে। তাই ছবিটি চন্দ্রায়ণ থেকে পাঠানো তা হতে পারে না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

