ফ্যাক্ট চেক: করোনা নিয়ে ডাঃ দেবী শেঠির নাম করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল
করোনার হাত থেকে রক্ষা পাওয়ার এই পরামর্শগুলি ডাঃ শেঠির নয়
- Total Shares
করোনার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বলে অনেকেই বিভিন্ন রকমের পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।এরই মধ্যে সম্প্রতি ডাঃ দেবী শেঠির 'পরামর্শের' নাম করে বিভ্রান্তিকর এক পোস্ট ভাইরাল ফেসবুকে।বিভ্রান্তিকর সেই পোস্ট অনুযায়ী, "করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ ডাঃ দেবী শেঠির"।
ফেসবুক ব্যবহারকারী বিশ্বদেব চট্টোপাধ্যায় ডাঃ দেবী শেঠির নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সেই পোস্টটিতে করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য "২২টি জরুরি পরামর্শ" লেখেন।আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

প্রতিবেদনটি লেখার সময় অবধি পোস্টটি ৫৫ হাজারেরও বেশি বার শেয়ার করা হয়।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক-নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে ভাইরাল এই পোস্টটির দাবী বিভ্রান্তিকর।বিভ্রান্তিকর এই পোস্টটির ব্যাপারে ডাঃ শেঠিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এমন পরামর্শ তিনি দেননি।
তদন্তের প্রথমে আমরা কীওয়ার্ড সার্চ করে ডাঃ দেবী শেঠির করোনা সম্পর্কিত প্রতিবেদন ইন্টারনেটে খোঁজার চেষ্টা করি।সেখান থেকে আমরা "দ্য টাইমস অফ ইন্ডিয়া" এর ব্লগে ডাঃ শেঠির লেখা এক প্রতিবেদন খুঁজে পাই।
ডাঃ শেঠির লেখা সেই প্রতিবেদনে তিনি করোনা থেকে বাঁচতে কিছু উপায়ের কথা বলেন যা ভাইরাল এই পোস্টের অনুরূপ হলেও সম্পূর্ণভাবে এক নয়।উদাহরণস্বরূপ, ডাঃ শেঠি যেকোনো রকমের যাত্রা বা ছোট ভীড়বহুল জায়গা এড়ানোর কথা বলেন।কিন্তু ভাইরাল সেই পোস্টের "পরামর্শ" অনুযায়ী এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত রাখা বা কোনো ভিড়ের জায়গায় যাওয়া উচিত হবে না এমন কথা তিনি বলেননি।
এর সাথে আমরা ইউটিউবে ডাঃ শেঠির করোনার প্রতিরোধমূলক ব্যবস্থা সংক্রান্ত এক ভিডিও খুঁজে পাই।ভিডিওটিতে বক্তব্য রাখবার সময় তিনি "সামাজিক দূরত্ব" বজায় রাখার দিকে জোর দেন।তবে সেখানেও বিভ্রান্তিকর সেই পোস্টটির কিছু দাবীমত "আগামী এক বছর বাইরের খাবার খাওয়া যাবে না" অথবা "বাইরে বেরোনোর সময় বেল্ট, আংটি, ঘড়ি পরা চলবে না" এমন কথা তিনি বলেননি।
আমরা এবিষয়ে আরো নিশ্চিত হতে ডাঃ দেবী শেঠির সাথে যোগাযোগ করি।ভাইরাল সেই পোস্টটির ছবি পাঠিয়ে তার সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "পোস্টটি ভুয়ো। এটা খুবই দুঃখজনক যে, কিছু মানুষ আমাদের সবার হওয়া এই কষ্ট ও যন্ত্রণার সুযোগ নিচ্ছেন।"

অতএব, এর থেকে পরিষ্কার যে ভাইরাল এই পোস্টটি ভুয়ো।বিভ্রান্তিকর এই পোস্টে উল্লিখিত "২২টি জরুরি পরামর্শ" ডাঃ দেবী শেঠির তরফ থেকে করা হয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

