
ফ্যাক্ট চেক: সুশান্ত সিংহ রাজপুতের প্রয়াণে অমিত শাহের নাম করে ভাইরাল ভুয়ো টুইটের ছবি
- Total Shares
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক প্রয়াণে হতবাক তার ভক্তরা।সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।
এরই মধ্যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিসহ ভাইরাল টুইটের এক ছবি।টুইটের সেই ছবিটিতে, অমিত শাহের নাম করে 'এমএস ধোনি - দ্য আনটোল্ড স্টোরি' খ্যাত অভিনেতা সুশান্তকে ক্রিকেটার বলে অভিহিত করা হয়।
ভাইরাল সেই টুইটের ছবিটি ফেসবুকে পোস্ট করে 'সজল চক্রবর্তী' নামের এক ব্যবহারকারী লেখেন, "অমিত শাহ! মুসলিম আর দাঙ্গা ছাড়া কিছু জানে না!"।

আপনারা এখানে পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই টুইটের ছবিটি ভুয়ো।সুশান্ত সিংহ রাজপুতের প্রয়াণে শোকজ্ঞাপন করে আসল টুইটে অমিত শাহ তাকে অভিনেতা বলেই সম্বোধন করেন, ক্রিকেটার বলে নয়।
তদন্ত করার সময়, প্রথমে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার প্রোফাইলে গিয়ে বলিউড অভিনেতা সুশান্তের প্রয়াণে করা টুইটটির খোঁজ করি।সেখান থেকে আমরা তার এই টুইটটি দেখতে পাই।
জুনের ১৪ তারিখে বিকেল ৪ টে ৫৯ মিনিটে করা সেই টুইটে তিনি লেখেন, "তরুণ এবং অত্যন্ত প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দুঃখজনক ও অকাল মৃত্যুর সম্বন্ধে জেনে খুব খারাপ লাগছে।ভারতীয় সিনেমায় তার অবদানের জন্য তাকে সর্বদা স্মরণ করা হবে।তার পরিবার, বন্ধু এবং অনুগামীদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।"

ওদিকে, ভাইরাল সেই টুইটের ছবিতে থাকা টাইম স্ট্যাম্পে আমরা সন্ধ্যে ৭ টা ৩১ মিনিটের উল্লেখ পাই।পিছিয়ে থাকা সময়ের পাশাপাশি ছবিতে থাকা লেখাগুলিও আসল টুইটটির থেকে আলাদা ছিল।
তাছাড়া, অমিত শাহের টুইটার প্রোফাইলে আমরা জুনের ১৪ তারিখে অভিনেতা সুশান্তের প্রয়াণ সম্পর্কিত অন্য কোনো টুইট দেখতে পাইনি।
কিছুদিন আগে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম ও ছবি ব্যবহার করে একই লেখাসহ ভাইরাল ভুয়ো টুইটের ছবিটিকেও ফ্যাক্ট চেক করা হয়।
'দ্য ভার্জের' এই প্রতিবেদন থেকে জানা যায়, কিভাবে কারোর নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো টুইটের ছবি তৈরি করা সম্ভব।
অতএব, এর থেকে পরিষ্কার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম ও ছবি ব্যবহার করা ভাইরাল এই টুইটের ছবিটি ভুয়ো।আসল টুইটে তিনি প্রয়াত সুশান্তকে অভিনেতা বলেই সম্বোধন করেন, ক্রিকেটার বলে নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false


