ফ্যাক্ট চেক: চাঁদে কি কারোর পক্ষে জমি কেনা সম্ভব?
নেট দুনিয়ায় ভাইরাল বিভ্রান্তিকর দাবী
- Total Shares
বিগত বেশ কয়েক বছর ধরেই চাঁদে জমি কেনা নিয়ে পৃথিবী জুড়ে আগ্রহ দেখিয়েছেন বহু মানুষ।অনেকে দাবী করেছেন, তারা চাঁদে জমি কিনেও ফেলেছেন।
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে সাধারণ মানুষ, চাঁদে জমি কেনার কথা জানানোর সেই লিস্টে রয়েছে অনেকেরই নাম।
এমনকি ফেসবুকের এক পোস্টে চাঁদে জমি কেনার জন্য ওয়েবসাইটের লিংকও দেওয়া হয়।

কিন্তু প্রশ্ন হল, চাঁদে কি আদৌ জমি কেনা সম্ভব?
এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ১৯৬৭ সালের এক আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী চাঁদ তথা মহাকাশের কোনো জিনিসের উপর কারোর একার অধিকার হতে পারে না।সমগ্র মানবজাতি তাদের ব্যবহার করতে পারবে।
চাঁদে জমি কেনার ব্যাপারে জানতে ইন্টারনেটে আমরা কীওয়ার্ড সার্চ করি।সেখান থেকে ১৯৬৭ সালের সেই আন্তর্জাতিক চুক্তি ও চাঁদে জমির মালিকানা সংক্রান্ত বেশ কিছু প্রতিবেদন পাওয়া যায়।
'দ্য উইক' ও 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে'র এই দুই প্রতিবেদনে বলা হয়, ১৯৬৭ সালের অক্টোবরের ১০ তারিখ থেকে প্রযোজ্য হওয়া 'দ্য আউটার স্পেস চুক্তি' অনুযায়ী চাঁদ ও অন্যান্য মহাজাগতিক বস্তুর উপর সমগ্র মানবজাতির অধিকার আছে।কোনো দেশেরও তাদের উপর মালিকানা থাকবে না।
এবার ধরা যাক, দাবিহীন এক জমির উপর কোনো দেশের মালিকানা পাওয়া নিয়ে যদি এমন ধরণের চুক্তি নাও থাকত, সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুসারে তাকে আবশ্যিক দুটি শর্ত পূরণ করতে হত।
"প্রথমতঃ, কিছুদিনের জন্যে হলেও সেই জমির উপর বাহ্যিকভাবে তার দখল থাকা প্রয়োজন ও দ্বিতীয়তঃ, তার কার্যকরী নিয়ন্ত্রণে জমিটিকে থাকতে হবে," জানান নয়াদিল্লির সাউথ এশিয়া ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ স্টেলিনা জোলি।
তাহলে চাঁদে জমি বিক্রি করা কি আইনতঃ বৈধ?
উক্ত প্রতিবেদনগুলি অনুযায়ী ডাঃ জোলি বলেন, "সরকারের এই নিয়ে মাথা না ঘামানোর কারণ হল এ ধরণের কাজকর্মের কোনও আইনগত স্বচ্ছতা নেই।লোকে যদি বোকার মত আচরণ করে তবে তার জন্য সরকার পদক্ষেপ নিতে বাধ্য নয়"।
ওদিকে, 'পপুলার সাইন্সের' এক প্রতিবেদনে নাসার আভ্যন্তরীন বিষয়ের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর স্টিফেন ই ডয়েল জানান, চাঁদে সম্পত্তির সংক্রান্ত বিষয়গুলি নিয়ে দেখভাল করার কোনো সংস্থা নেই।এমন ধরণের দাবীগুলি তাই আদতে কাগজের টুকরো ছাড়া কিছুই নয়।
তাছাড়া, এবিষয়ে কথা বলতে গিয়ে ডাঃ জোলি প্রশ্ন তোলেন, "যদি কারোর কাছে সম্পত্তির অধিকার নাই থাকে, তাহলে সে কিভাবে কাউকে তা বিক্রি করবে?"
আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ফোর্বসে'র প্রতিবেদনেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
এর থেকে বলা যেতে পারে, চাঁদ ও অন্য মহাজাগতিক বস্তুর উপর সমগ্র মানবজাতির অধিকার রয়েছে।১৯৬৭ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী কেউ তার উপর একা মালিকানা দাবী করতে পারে না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

