ফ্যাক্ট চেক: হাথরাসের ঘটনার সাথে জুড়ে ভাইরাল পুরোনো প্রতিবাদের ভিডিও
বিভ্রান্তিকর দাবী করে নেটিজেনদের অনেকেই এই ভিডিওকে সম্প্রতি শেয়ার করেন
- Total Shares
উত্তরপ্রদেশের হাথরাসে তরুণী নির্যাতন ও তার মৃত্যুর ঘটনায় ফুঁসছে সারা দেশ, প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মানুষ।অমানবিক এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কলকাতার রাজপথে নামেন।
এরই মধ্যে সেই হাথরাস কাণ্ডের সাথে জুড়ে বাঙালিদের প্রতিবাদের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
'চাপড়া'র গর্ব মমতা' নামের এক ফেসবুক পেজের তরফ থেকে ভাইরাল সেই প্রতিবাদের ভিডিওকে পোস্ট করে লেখা হয়, "হাত্রাসে মনীষা বাল্মীকির ধর্ষণের পদিবাদে বাংলার দিদিভাইদের এক অভিনব উদ্দ্যোগ।ধন্যবাদ জানাই আমাদের বাংলার দিদিভাইদের।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, হাথরাস কাণ্ডের প্রতিবাদের ঘটনার সাথে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই।ভিডিওতে দেখতে পাওয়া ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের এই ঘটনাটি কলকাতায় এবছরের জানুয়ারি মাসে ঘটে।
ভাইরাল এই ভিডিওর বিষয়ে জানতে আমরা প্রতিবাদের স্লোগানগুলি শুনে ফেসবুকে কীওয়ার্ড সার্চ করি।
এর মাধ্যমে "আমি কি পরেছি, কোথায় গিয়েছি.. দোষটা আমার নয়!" ইত্যাদি ক্যাপশন সমেত এবছরের জানুয়ারি মাসে ফেসবুকে আপলোড করা বেশ কয়েকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।তারই একটিতে লেখা "নিউ মার্কেটে" কথাটির সূত্র ধরে আমরা ফের ইন্টারনেটে এই কীওয়ার্ড সার্চ করি।
এই বছরের জানুয়ারির ৫ ও ৭ তারিখে প্রকাশিত "আনন্দবাজার পত্রিকা", "গ্রাউন্ড জিরো" ও "ডি ডব্লিউ"য়ের বেশ কিছু প্রতিবেদন খুঁজে পাই।ভিডিওতে দেখতে পাওয়া প্রতিবাদী মানুষদের এই প্রতিবেদনগুলির ছবিতে দেখতে পাওয়া যায়।

প্রতিবেদনগুলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, 'ফেমিনিস্ট ইন্টারভেনশন’ বা ‘নারীবাদী হাঙ্গামা’র মাধ্যমে ধর্ষক মানসিকতার বিরুদ্ধে এভাবে সেই মহিলারা প্রতিবাদ জানান।তাদের এমন ধারার প্রতিবাদের অনুপ্রেরণা ছিল চিলের ভ্যালপারাইসো শহরের রাস্তায় গত ২০ নভেম্বরের নারী-গর্জন— ‘‘এল ভিয়োলাদোর এরেস তু’’, অর্থাৎ ‘‘তুমিই ধর্ষক’’।
কেন্দ্রীয় সরকারের নতুন আইন সিএএ এবং এনআরসি নিয়েও সেই ফ্ল্যাশ মবে বিক্ষোভ দেখানোর কথাও ওই রিপোর্টগুলিতে উল্লেখ করা হয়।
অতএব, এর থেকে বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাথরাস কাণ্ডের প্রতিবাদে মিছিল করা হলেও তার সাথে পুরোনো এই ভিডিওর কোনো সম্পর্ক নেই।এবছরের জানুয়ারি মাসে কলকাতায় দেশ জুড়ে চলতে থাকা ধর্ষণের প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

