দূষণ মুক্তিতে পদক্ষেপ: বিশ্বের দশম দূষিত শহর কলকাতায় নামছে ইলেক্ট্রিক বাস
এই প্রথমবার শহরে কন্ডাক্টর ছাড়া বাস পরিষেবা চালু হবে
- Total Shares
বিশ্বের দূষিত শহরের তালিকায় জায়গা করে নেওয়া কলকাতা শহরে এক ধাক্কায় নির্মল করে তোলার উপায় নেই, তবে শহরের দূষণ ধীরে ধীরে কমাতে শহরে ২০২০ সালের মধ্যে সিএনজি চালিত বাসের ভাবনা রয়েছে সরকারের। তার আগে কিছুদিনের মধ্যেই শহরে চালু হতে চলেছে ইলেক্ট্রিক বাস।
শহরকে পরিবেশ বান্ধব করে তুলতে এক সময় মহানগরীর রাস্তায় অটোরিকশার পরিবর্তে ব্যাটারিচালিত ই-রিকশা বা টোটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতার পথে টোটো নেমেও ছিল। কিন্তু কোনও এক অজানা কারণে কলকাতা ট্রাফিক পুলিশের এলাকায় টোটো নিষিদ্ধ করে দেওয়া হয়। সুতরাং শহর জুড়ে এখনও সেই অটোরিকশারই বাড়বাড়ন্ত, যার নিট ফল হল দূষণ।
কলকাতা শহরে যত অটোরিকশা চলে তার বড় একটা অংশই বেআইনি অটো। আইনি ও বেআইনি মিলিয়ে মহানগরীর বুকে এখন যে ২০,০০০ মতো অটো চলে সেগুলো ফোর স্ট্রোক এবং গ্যাস চালিত অটো। ডিজেল অটোর চেয়ে সিএনজি চালিত অটোরিকশাগুলোতে পরিবেশ অনেকটাই কম দূষিত হয়। কিন্তু তা সত্ত্বেও কলকাতা শহর জুড়ে কয়েক লক্ষ ডিজেল গাড়ি অর্থাৎ বাস ও লরি চলাচল করে। এই ডিজেল চালিত যানবাহনগুলো যথেষ্ট পরিমাণে শহররের বায়ু দূষিত করে।
কলকাতা ট্রাফিক পুলিশের এলাকায় ই-রিকশা নিষিদ্ধ করে দেওয়া হয়
শহর জুড়ে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের পরিষেবা চালু করে দেওয়ার পর এ বার শহরের দূষণ কমাতে উদ্যোগী হয়েছে রাজ্যের পরিবহণ দপ্তর। এক মাসের মধ্যেই শহরে চালু হয়ে যাবে ইলেকট্রিক বাস পরিষেবা। প্রাথমিক ভাবে, সরকারের পক্ষ থেকে ৮০টি বাস কেনা হচ্ছে। এই পরিষেবা কেমন সাড়া দেয়, তা যাচাই করে ভবিষ্যতে আরও কয়েকটি ইলেক্ট্রিক বাস কিনবে সরকার।
এক মাসের মধ্যেই শহরে চালু হয়ে যাবে ইলেকট্রিক বাস পরিষেবা
বর্তমানে কলকাতার যানবাহনের মধ্যে ডিজেল চালিত যানবাহনের সংখ্যা ৫০ শতাংশের বেশি। এর মধ্যে আবার ২০ শতাংশ কমার্সিয়াল যানবাহন, মানে যা মূলত ব্যবসার জন্য ব্যবহার করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সমীক্ষা অনুযায়ী দেশের রাজধানী নয়া দিল্লি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দূষিত শহর। এই তালিকায় কলকাতাও কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। পৃথিবীর দূষিত শহরগুলোর মধ্যে কলকাতা এখন ১০ নম্বরে রয়েছে। তাই সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে শহরকে পরিবেশ বান্ধব করে তুলতে সাহায্য করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী কলকাতা এখন বিশ্বের ১০ নম্বর দূষিত শহর
সরকার জানাচ্ছে যে আগামী বছর দশেকের মধ্যেই পরিবহণ দপ্তর শুধুমাত্র পরিবেশবান্ধব বাসই পথে নামাবে। নিঃসন্দেহে, ভালো উদ্যোগ। তবে, ভয় হয় ই-রিকশার মতো এই পরিষেবাও অচিরে প্রত্যাহার করে নেওয়া হবে না তো?
পরিবেশ বান্ধবের পাশাপাশি এই বাসগুলোর পরিষেবা অন্য একটি কারণে উল্লেখযোগ্য। এই প্রথমবার বিদেশের শহরগুলোকে অনুকরণ করে কলকাতাতেও কন্ডাক্টর ছাড়া বাস পরিষেবা চালু হচ্ছে। আপনি যেখানেই যান না কেন এই বাসগুলোর ভাড়া সব দূরত্বের জন্যই অভিন্ন থাকবে। বাসের ওঠার সময় স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে আপনি সেই ভাড়া প্রদান করলেই বাসের দরজা খুলে যাবে। কলকাতা মেট্রো রেলের মতো একবার ভাড়া দিয়ে একজন উঠতে পারবেন, এক সঙ্গে দুজনের ভাড়া দেওয়া হলে তবেই দরজা খুলবে দুজন ওঠার মতো করে।
এখন দেখা যাক, পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি কতটা আধুনিক হয়ে ওঠে শহরের পরিবহণ ব্যবস্থা।

