আশঙ্কা সত্যি হল, সারচার্জ ধার্যের প্রবণতা বাড়ল অ্যাপ ক্যাবের
সরকারের উচিৎ অবিলম্বে সারচার্জ ধার্যের মাপকাঠি ঠিক করে দেওয়া
- Total Shares
যা আশঙ্কা করা গিয়েছিল তাই হল। বরঞ্চ, বলা ভালো, তার চাইতে কিছুটা বেশিই হল।
হলুদ ট্যাক্সিগুলোর মতো অ্যাপ ট্যাক্সির ভাড়াও এ বার নির্ধারণ করে দিয়েছে সরকার। সারচার্জের পরিমাণও বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু সারচার্জ কখন কার্যকর করা যাবে সে বিষয় কোনও নির্দিষ্ট মাপকাঠি তৈরি করা হয়নি।
আশঙ্কা করা গিয়েছিল, কোনও কারণ ছাড়াই সারচার্জ যুক্ত ভাড়ার সংখ্যা বাড়াবে। এবং, সেই প্রবণতা সত্যি সত্যি বৃদ্ধি পেয়েছে। অনেকেই যাত্রীই অভিযোগ করেছেন যে ভাড়া বেঁধে দেওয়ার নির্দিষ্ট দিনের পর থেকেই বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ ক্যাবগুলো চাহিদা বেশি দেখিয়ে সারচার্জ যুক্ত ভাড়া চাইছে। সরকারের উচিৎ অবিলম্বে এই সারচার্জ বিচারের মাপকাঠি ঠিক করা। অর্থাৎ, ঠিক কোনও পরিস্থিতিতে 'চাহিদা বেড়েছে' বলে ধার্য করা যেতে পারে সেই পরিস্থিতি নির্ণয় করে দেওয়া।
অ্যাপ বিশেষজ্ঞদের মতে, সদ্দিচ্ছা থাকলে তা করতে বেশি বেগ পাওয়ার কথা নয়। একজন যাত্রী যেখান থেকে ক্যাব বুক করছেন সেখান থেকে একটি নির্দিষ্ট রেডিয়াসে আর কতজন যাত্রী আর কতগুলো ক্যাব রয়েছে তা অ্যাপের মাধ্যমে সহজেই অনুধাবন করা যেতে পারে। সরকারের উচিৎ, ক্যাবের সংখ্যা ও যাত্রীর সংখ্যার একটি অনুপাত নির্ণয় করে দেওয়া। সেই অনুপাত দেখা দিলে তবেই ক্যাব সংস্থাগুলো সারচার্জ ধার্য করতে পারবে।
সারচার্জ কখন কার্যকর করা যাবে সে বিষয় কোনও নির্দিষ্ট মাপকাঠি তৈরি করা হয়নি
আরও একটি সমস্যা রয়ে যাচ্ছে। সরকার যে ভাড়া নির্ধারণের পদ্ধতিটা নির্ণয় করেছে তা একেবারে জলের মতো সহজ।
সরকার জানিয়েছে যে এসি ট্যাক্সির সরকারি স্বীকৃত ভাড়াই অ্যাপ ক্যাবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ, প্রতি কিলোমিটার ১৮ টাকা ৭৫ পয়সা। এর সঙ্গে এসি ট্যাক্সির মতো ওয়েটিং চার্জ, নাইট চার্জ ও সার্ভিস চার্জ যোগ করতে পারবে অ্যাপ ক্যাবগুলো। অর্থাৎ, এই চারটি চার্জ - দূরত্ব চার্জ, ওয়েটিং চার্জ, নাইট চার্জ (ক্ষেত্র বিশেষে প্রযোজ্য) ও সার্ভিস চার্জ - যোগ করে যে অঙ্ক দাঁড়াবে তাই অ্যাপ ক্যাবের মূল ভাড়া হিসেবে গণ্য হবে।
সরকারের এই নির্দেশের ফলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অ্যাপ ক্যাবের ভাড়া সবসময় এক হওয়ার কথা। কিন্তু একই সময় একই জায়গা থেকে দুটি আলাদা সংস্থার অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে দেখা যাচ্ছে ভাড়ার হেরফের ঘটছে। তার মানে কি সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অ্যাপ ক্যাবগুলো এখনও ইচ্ছেমত ভাড়া ধার্য করে চলেছে?
সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা যাবে। দেখা যাক সেই তদন্ত কবে শেষ হয়? যা আশঙ্কা করা গিয়েছিল তাই হল। বরঞ্চ, বলা ভালো, তার চাইতে কিছুটা বেশিই হল।

