শিয়ালদাহ: স্টেশনে প্রবেশের মুখে দীর্ঘ অপেক্ষার দিন শেষ
রেল ট্র্যাকের পয়েন্ট ও ক্রসিংয়ের হেরফের ঘটিয়ে ট্রেনের গতি বাড়ানো হয়েছে
- Total Shares
দূরপাল্লার ট্রেনে বা লোকাল ট্রেনে ক্লান্ত হয়ে কলকাতায় আসছেন। ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে স্বস্তির হাওয়া, আর তো কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরই যাত্রা শেষ। কিন্তু ঠিক তখনই ছন্দপতন। স্টেশনে প্রবেশের মুখেই দাঁড়িয়ে গেল ট্রেন। এখন প্রতীক্ষা দীর্ঘক্ষণের।
শিয়ালদহ স্টেশনের প্রবেশের মুখে এই অভিজ্ঞতা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকেরই হয়েছে। এবার খুব সম্ভবত এই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
রেল কর্তাদের মতে, রেল ট্র্যাকের পয়েন্ট ও ক্রসিংয়ের হেরফের ঘটিয়ে ট্রেনের গতি অনেকটাই বাড়ানো গেছে। এর ফলে এক থেকে চার নম্বর প্লাটফর্ম থেকে যে ট্রেনগুলো ছাড়ছে সেগুলো পরিবর্তী স্টেশনে পৌঁছাতে সাত মিনিটেরও কম সময় নিচ্ছে। আগে যে দূরত্ব অতিক্রম করতে ন'মিনিটের বেশি সময় লেগে যেত।

রেল কর্তাদের মতে, এই সময় কম লাগার কারণে মূলত দুটি সুবিধা হচ্ছে। প্রথমত, যে ট্রেনগুলোর ক্ষেত্রে সময় কম লাগছে সেই ট্রেনগুলো গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছছে। দুই, প্লাটফর্মও খুব দ্রুত ফাঁকা করা যাচ্ছে। যার ফলে যে ট্রেনগুলো শিয়ালদহ স্টেশনে প্রবেশ করছে সে ট্রেনগুলোকেও অনন্তকাল অপেক্ষা করতে হচ্ছে না। সেই ট্রেনগুলোও খুব দ্রুত স্টেশনে প্রবেশ করতে পারছে।
পূর্ব রেলের তরফ থেকে জানান হয়েছে যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তার প্রভাব পড়েছে মেন ও নর্থ সেকশনে। খুব দ্রুত সাউথ সেকশনেও কাজ শুরু হয়ে যাবে। কাজ শেষ হলে পরে সাউথ সেকশনেও ট্রেন চলাচলের গতি অনেকটাই বাড়বে।

